রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে একটি আটতলা বাড়ির চারতলা থেকে নিচে পড়ে লিটন বেপারী (৪৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বটতলা শওকত আলী রোডের ১০২ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লিটনের সহকর্মী মাহবুব হোসেন জানান, তারা দুই দিন ধরে বটতলা শওকত আলী রোডের ১০২ নম্বর ওই বাসার চারতলায় বাথরুমের পাইপ মেরামত করছিলেন। চারতলার বাইরের পাশে সানসেডের ওপর দাঁড়িয়ে কাজ করার সময় পড়ে গিয়ে দোতলার পাশে আটকে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত লিটনের ছোট ভাই আবুল খাঁয়ের জানান, তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। বাবার নাম মৃত আ. খালেক। লিটন এক ছেলে ও দুই মেয়েসহ শওকত আলী রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন।