কেন্দুয়ায় হত্যা মামলার বাদীকে কুপিয়ে জখম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে তারা মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত তারা মিয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের গামরুলী আতকাপাড়া গ্রামের হাদিছ মিয়ার ছেলে। বড় ভাই হত্যা মামলার বাদী তিনি। ওই মামলার পরোয়ানাভুক্ত আসামিকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহে গতকাল শনিবার সকালে তারা মিয়াকে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত তারা মিয়াকে প্রথমে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধে গত জ্যৈষ্ঠ মাসে তারা মিয়ার বড় ভাই শাহজাহান মিয়া সংঘর্ষে মারা যান। এতে তারা মিয়া বাদী হয়ে একই গ্রামের ১৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। গত বৃহস্পতিবার হত্যা মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহে গতকাল সকালে একই গ্রামের বাচ্চু মিয়া, শহিদ মিয়া, শান্তু মিয়া, বাবুল মিয়া গংরা পাশের গ্রামে যাওয়ার পথে তারা মিয়াকে কুপিয়ে জখম করে।

কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পিয়াস পাল জানান, ধারালো কিছুর আঘাতে তারা মিয়ার ডান পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান বলেন, আগের হত্যা মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে প্রেপ্তারের জেরে প্রতিপক্ষের লোকেরা তারা মিয়াকে কুপিয়ে মারাত্মক আহত করেছে।