সব ধরনের প্রতিযোগিতায় টানা ছয় ম্যাচে জয়ের পর রিয়াল সোসিয়েদাদের মাঠে গিয়ে ছন্দ হারিয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির ড্রয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার দারুণ সুযোগ তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের। সেক্ষেত্রে ভালেন্সিয়ার মাঠে জয় পেতে হবে জিনেদিন জিদানের দলকে।
স্পেনের শীর্ষ লিগের ম্যাচটিতে রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় ভালেন্সিয়ার মাঠে খেলতে নামবে রিয়াল। এই লড়াইয়ে জয় পেলেই লা লিগার পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসবে ক্লাবটি।
ষোলো ম্যাচে এগারো জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৫। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে এক ম্যাচ কম খেলা রিয়াল। ভালেন্সিয়ার মাঠে আজ রাতে জয় পেলেই তাদের পয়েন্ট দাঁড়াবে ৩৭।
ম্যাচটিতে দারুণ ছন্দে আছে রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় গত চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে তারা। সেই ছন্দ ধরে রাখতে পারলে ভালেন্সিয়ার মাঠে জয় না পাওয়ার কোনো কারণ নেই তাদের।
পরের ম্যাচে আগামী বুধবার ক্লাসিকো লড়াইয়ে বার্সেলোনার মাঠে খেলতে নামবে রিয়াল। এর আগে ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের ভালো করে ঝালাই করারও লক্ষ্য থাকবে তাদের।
ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের জন্য এরই মধ্যে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে রিয়াল। তাতে নেই এডেন হ্যাজার্ড, হামেস রদ্রিগেস, লুকাস ভাসকেস ও মার্কো আসেনসিও। রাখা হয়নি কাসেমিরোকেও।
বরাবরের মতো গোলরক্ষকের ভূমিকায় থাকবেন থিবো কর্তোয়া। ডিফেন্সে সের্হিও রামোসের সঙ্গে দেখা যেতে পারে দানি কারভাহাল, রাফায়েল ভারানে ও নাচোকে। মিডফিল্ডে আছেন টনি ক্রুস, লুকা মড্রিচ, ইস্কো। আক্রমণভাগে আছেন করিম বেনজেমা, গ্যারেথ বেল, ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।