বায়ার্নের বিশাল জয়ে ব্রাজিলের কৌতিনিয়োর হ্যাটট্রিক

নিজে হ্যাটট্রিক করার পাশাপাশি দুটি গোল করালেন ফিলিপে কৌতিনিয়ো। জোড়া গোল করেছেন রবের্ত লেভানদোভস্কি। তাতে ভার্ডার ব্রেমেনকে উড়িয়ে বুন্ডেসলিগায় জয় ফিরেছে বায়ার্ন মিউনিখ।

নিজেদের মাঠে শনিবার রাতে জার্মান ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগে ব্রেমেনকে ৬-১ গোলে হারায় বায়ার্ন। কৌতিনিয়োর তিন গোল ও লেভানদোভস্কির দুই গোল ছাড়া অপর গোলটি করেছেন টমাস মুলার।

বিশাল জয় পেলেও ম্যাচের শুরুটা আশানুরূপ ছিল না বায়ার্নের। ম্যাচের ২৪তম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল দলটি। সমতা ফেরাতে লেগেছে অনেকটা সময়। বিরতির ঠিক আগে গোলের দেখা পায় বায়ার্ন।

৪৫তম মিনিটে সের্গেই জিনাব্রির সহায়তায় ম্যাচে সমতা ফেরান কৌতিনিয়ো। প্রথমার্ধের যোগ করা সময়ে তার পাসে জালে বল জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন লেভানদোভস্কি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা আরও বাড়ায় স্বাগতিক দল। ৬৩তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান কৌতিনিয়ো। নয় মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন লেভানদোভস্কি।

কৌতিনিয়োর পাসে ৭৫তম মিনিটে গোল করেন মুলার। এর তিন মিনিট পর অতিথি দলের কফিনে শেষ পেরেক ঠুকে হ্যাটট্রিক পূর্ণ করেন কৌতিনিয়ো।

এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে থাকা বায়ার্নের পয়েন্ট দাঁড়িয়েছে ১৫ ম্যাচে ২৭। শীর্ষে থাকা লাইপজিগের পয়েন্ট ৩৩।