উইঘুর মুসলিমদের নিয়ে ওজিলের মন্তব্য ব্যক্তিগত: আর্সেনাল

চীনে নির্যাতিত উইঘুর মুসলিমদের পক্ষ নিয়ে এক টুইটে আর্সেনালে ফুটবলার মেসুত ওজিল বলেছেন, এসব মুসলিম ‘নির্যাতন প্রতিরোধকারী যোদ্ধা’। তবে তারকা এই ফুটবলারের এমন মন্তব্যে সমর্থন দিচ্ছে না ক্লাব। বরং আর্সেনাল এক বিবৃতিতে জানিয়েছে, এটা ওজিলের ব্যক্তিগত মন্তব্য, এতে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

শুক্রবার মেসুত ওজিলের করা টুইট সম্পর্কে দেয়া এক বিবৃতিতে আর্সেনাল বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসুত ওজিলের করা মন্তব্য তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন করে, এর সাথে ক্লাবের মতাদর্শের কোনো সম্পর্ক নেই। আর্সেনাল সবসময়ই একটি অরাজনৈতিক সংগঠন।

লন্ডনের ক্লাবটির এই বিবৃতি চীনের সামাজিক মাধ্যম ওয়েবসাইট ওয়েইবোতে প্রকাশিত হয়েছে।

ওজিল তার পোস্টে চীনের উইঘুর মুসলিমদের 'নির্যাতনের প্রতিরোধকারী যোদ্ধা' বলে প্রশংসা করেছেন। এ ব্যাপারে উইঘুরদের পক্ষ নিয়ে চীনের কর্তৃপক্ষের বিরুদ্ধে না দাঁড়ানোয় মুসলিম বিশ্বেরও সমালোচনা করেছেন জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা এই ফুটবলার।

কিন্তু ওজিলের এমন মন্তব্য মেনে নিতে পারছে না আর্সেনাল সমর্থকরা। অনেকেই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ক্লাবটির কর্তৃপক্ষের প্রতি।

অক্টোবরে যুক্তরাষ্ট্রের একটি বাস্কেটবল দলের একজন কর্মকর্তা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি সম্পর্কে মন্তব্য করলে আর্থিক ক্ষতির শিকার হয় যুক্তরাষ্ট্র বাস্কেটবল অ্যাসোসিয়েশন। সেসময় হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সমর্থনে একটি টুইট করেছিলেন হিউস্টন রকেটসের ম্যানেজার ড্যারিল মোরে।

ঐ টুইটের পর চীনের প্রতিষ্ঠানগুলো বাস্কেটবলের স্পন্সরশিপ চুক্তি বাতিল করে দেয় এবং টেলিভিশনে খেলা দেখানোও বন্ধ করে দেয়।

মানবাধিকার সংস্থাগুলোর মতে চীনে মুসলিম উইঘুর সম্প্রদায়ের প্রায় ১০ লাখ মানুষকে কোনো বিচার ছাড়াই কড়া নিরাপত্তায় বিশেষ ক্যাম্পে আটকে রাখা হয়েছে। তবে চীনের দাবি, উইঘুর মুসলিমরা যেন ধর্মীয় জঙ্গিবাদে না জড়ায় সেলক্ষ্যে তাদের বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষিত করা হচ্ছে।