দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে হাফিজুল ইসলাম প্রামাণিক ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিগত কমিটিতেও তারা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
পার্বতীপুর শহরের শহীদ ময়দানে রবিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে বেলা ১১টায় সম্মেলন শুরু হয়।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন-দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার। এতে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইমাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান মাইকেল প্রমুখ।
সম্মেলনের শেষ পর্যায়ে তিন বছর মেয়াদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অবশিষ্ট সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে সম্মেলনে জানানো হয়।