ভৈরবে গাঁজা-মাইক্রোবাসসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের ভৈরবে ২৪ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ নাছির ভূঁইয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি টিম। রবিবার রাতে তাকে আটক করা হয়।

আটক নাছির ভূঁইয়া বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মালদার পাড়ার অহিদ ভূঁইয়ার ছেলে।

তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ভৈরব থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

 

তিনি আরও জানান, একজন মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়া এলাকা থেকে ঢাকা মেট্রো-চ-১৩-০২৪১ সাদা রংয়ের হায়েচ মাইক্রোবাসে করে গাঁজার একটি চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসছে। এমন খবরে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি দল রবিবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নাটালের মোড় এলাকায় চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে।

তল্লাশিকালে মাইক্রোবাসটি চৌকির কাছে আসলে সেটিকে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে চলে যায়। এ সময় সেটির পেছনে ধাওয়া করে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয়মোড় এলাকায় আটক করতে সক্ষম হয়।

পরে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে নাছির ভূঁইয়াকে আটক এবং ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।