জয়পুরহাটের আক্কেলপুরে জমি সংক্রান্ত জেরে দুই পরিবারের মধ্যে একের পর এক মারধরের ঘটনা ঘটছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম আওয়ালগাড়ী মীরপাড়া গ্রামে সংঘর্ষে ৪ জন আহত হয়।
আহতরা আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তারা হলেন- ফারজানা আক্তার (২৪), ডেইজী আক্তার (৩০), সুলতানা পারভিন (৩০) ও বৃষ্টি (২৬)।
আহতদের পরিবারের লোকজন জানান, আক্কেলপুর উপজেলার পশ্চিম আওয়ালগাড়ী মীরপাড়া গ্রামের রফিকুলের পরিবারের সাথে প্রতিবেশী চাচাতো ভাই দুদু মিয়ার পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল।
তাদের বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদে এ মাসের ৪ ডিসেম্বর শালিস চলাকালে কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে আবারও গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুদু মিয়ার পরিবারের লোকজন রফিকুলের পরিবারের ৪ জনকে এলোপাতাড়ি মারধর করে আহত করেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
এ ব্যাপারে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর তৎপরতা চলছে।