মোদি সরকারকে ‘ফ্যাসিবাদী’ বললেন অনুরাগ

মেয়েকে ধর্ষণের হুমকি পাওয়ার পর কয়েক মাস টুইটার থেকে দূরে ছিলেন অনুরাগ কাশ্যপ। কিন্তু নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধীদের ওপর নির্যাতনে চুপ থাকতে পারলেন না বলিউডের গুণী এই নির্মাতা। এক টুইটে নরেন্দ্র মোদি সরকারকে ‘ফ্যাসিবাদী’ বললেন তিনি।

নতুন আইন নিয়ে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া ও আলীগড়সহ ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। তাদের ওপর হামলা করে পুলিশ ও বিজেপি সমর্থকেরা।

টুইটারে অনুরাগ লেখেন, ঘটনা অনেক দূর গড়িয়েছে। এখন চুপ করে থাকার সময় নয়। এই সরকার পরিষ্কার ফ্যাসিবাদী। যারা কিছু বললে অবস্থার পরিবর্তন হতো, তারা চুপ দেখে আমার রাগ হচ্ছে।

এ ছাড়া একাধিক টুইটে পুলিশ ও শিক্ষার্থীদের লড়াইয়ের ভিডিও শেয়ার করেছেন ‘সেক্রেড গেমস’ নির্মাতা।

একই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন স্বরা ভাস্কর ও সায়ানী গুপ্তার মতো অভিনেত্রীরা।

স্বরা প্রশ্ন তুলেছেন, শিক্ষার্থীদের সঙ্গে কেন অপরাধীদের মতো আচরণ করা হচ্ছে? কেন ছাত্রাবাসে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে?  পুরো ঘটনায় ‘মর্মাহত ও লজ্জিত’ বলে উল্লেখ করেন।

এদিকে মোদির সঙ্গে তারকাদের তোলা একটি সেলফি শেয়ার করেন সায়ানী। তিনি ছবিতে থাকা কয়েকজন তারকাকে ট্যাগ করেন, যাতে তারা মোদির কানে বিষয়টি তোলেন।

এই সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন বলিউডের জনপ্রিয় রাজকুমার রাও। তার মতে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে।

শুধু বলিউড নয়, শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে এসেছেন হলিউড তারকাও। ‘২০১২’ সিনেমার অভিনেতা জন কসাক টুইট বার্তায় জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে ‘একাত্ম’ প্রকাশ করেন। শেয়ার করেন ভিডিও।