যশোরের মনিরামপুর উপজেলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে দুজন আহত এবং দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু মুছা এবং থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর ইউএনবির।
আবু মুছা দাবি করেন, উপজেলা চত্বরে শহীদ মিনারে ফুল দিয়ে নিজ বাসার সামনে অস্থায়ী কার্যালয়ে দলীয় অনুসারীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন তিনি। এ সময় শহীদ ইকবাল তার অনুসারীদের নিয়ে ফুল দিয়ে ফিরছিলেন।
তিনি অভিযোগ করেন, হঠাৎ শহীদ ইকবালের কয়েকজন অনুসারী আমার সমর্থকদের ওপর হামলা চালায়। তারা ইটপাটকেল ও লাঠি নিয়ে হামলা করে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি মোটরসাইকেল ও চেয়ার ভাঙচুর করেন। হামলায় দুই কর্মী শামছুজ্জামান শান্ত ও ইজাজুল আহত হন।
তবে শহীদ ইকবাল বলেন, ফুল দিয়ে ফেরার পথে আবু মুছার পক্ষের কয়েকজন আমার লোকজনকে লক্ষ্য করে কটূক্তি করেন এবং ছাদের ওপর থেকে ইটপাটকেল ছোড়েন। তারা আমার লোকজনকে ধাওয়া করেন। পরে সংঘর্ষের সৃষ্টি হয়।
এ বিষয়ে মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।