নওগাঁর রানীনগরে ৪৯তম বিজয় দিবসে জীবনের প্রথম সংবর্ধনা পেলেন ১০ বীরাঙ্গনা। একই সঙ্গে পেয়েছেন সম্মানী ভাতা, বিজয় উৎসব ভাতা, স্মার্ট জাতীয় পরিচয়পত্র এবং ক্রেস্ট। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি গেজেটের মাধ্যমে তাদের নাম প্রকাশ করে।
গতকাল সোমবার সকালে রানীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে রানীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীরাঙ্গনা মায়া রানী সূত্রধর, রাশমনি সূত্রধর, সন্ধ্যা রানী পাল, কালীদাসী পাল, সন্ধ্যা রানী ও গীতা রানী পালের হাতে সম্মাননা ক্রেস্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। আর প্রয়াত বাণী রানী পাল, ক্ষান্ত রানী পাল, রেনু বালা ও সুষমা সূত্রধরের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ইসরাফিল আলম ও তার সহধর্মিণী সুলতানা পারভিন বিউটি। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমুখ।
বীরাঙ্গনা কালী দাসী পাল (৭৫) বলেন, দেরিতে হলেও এ স্বীকৃতি পেয়ে আমি অনেক খুশি।