আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং: শীর্ষস্থান ধরে রাখলেন কোহলি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বিরাট কোহলি। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এবার ব্যবধান আরও বাড়িয়েছেন।

সোমবার আইসিসি তাদের ওয়েবসাইটে সবশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করে। তাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে মার্নাস লাবুশেনের। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে পার্থ টেস্টে সেঞ্চুরি করে শীর্ষ পাঁচে উঠে এলেন এই অজি ব্যাটসম্যান।

গত সপ্তাহে বিরাটের সঙ্গে মাত্র পাঁচ পয়েন্টের পার্থক্য থাকলেও এবারের র‍্যাঙ্কিংয়ে আরও একটু পিছিয়ে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ। কোহলির বর্তমান রেটিং পয়েন্ট ৯২৮; স্মিথের ৯১১।

৮৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চতুর্থ ও পঞ্চমস্থানে ভারতের চেতেশ্বর পূজারা (৭৯১) ও লাবুশানে (৭৯১)। ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের সবার ওপরে আছেন মুশফিকুর রহিম (২৫তম); ঠিক পরেই আছেন তামিম ইকবাল।

বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। দ্বিতীয়স্থানেই আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। একধাপ উন্নতি নিয়ে তৃতীয় উঠে এসেছেন নেইল ওয়াগনার। চতুর্থস্থানে নেমে গেছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। পঞ্চমস্থানে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ষষ্ঠস্থানে নেমে গেছেন ভারতের জাসপ্রীত বুমরাহ।

বাংলাদেশের বোলারদের মধ্যে ২৪তম স্থান ধরে রেখেছেন তাইজুল ইসলাম। ২৫তম স্থানে আছেন মেহেদি হাসান মিরাজ।

অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থানে কোনো পরিবর্তন নেই। সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছেন রবীন্দ্র জাদেজা ও বেন স্টোকস। চতুর্থস্থানে আছেন ভের্নন ফিল্যান্ডার। পঞ্চমস্থানে উঠে এসেছেন মিচেল স্টার্ক। ষষ্ঠস্থানে নেমে গেছেন রবিচন্দ্রন অশ্বিন।

অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে ২৬তম স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।