ওজিলের মন্তব্যের জেরে চীনে আর্সেনালের খেলা সম্প্রচার বন্ধ!

চীন সরকারের নির্যাতিত উইঘুর মুসলিমদের পক্ষ নিয়ে দলের তারকা ফুটবলার মেসুত ওজিলের মন্তব্যে বেশ ঝামেলায় পড়তে যাচ্ছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির খেলা সম্প্রচার বন্ধ করে দিয়েছে চীনের কর্তৃপক্ষ।

গত রোববার ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল বনাম ম্যানচেস্টার সিটির হাইভোল্টেজ লড়াই। সেই ম্যাচটি দেখতে পারেননি চীনের ফুটবলপ্রেমীরা। চীনে থাকা আর্সেনাল ভক্ত-সমর্থকেরা ভবিষ্যতেও আর খেলা দেখতে পারবেন কি না, সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

জিন জিয়াং প্রদেশে চীন সরকারের নির্যাতনের শিকার উইঘুর মুসলিমদের নিয়ে সম্প্রতি টুইট করেন তুর্কি বংশোদ্ভূত জার্মানির সাবেক ফুটবলার ওজিল। উইঘুর মুসলিমদের ‘নির্যাতন প্রতিরোধকারী যোদ্ধা’ বলে প্রশংসা করে চীনের কঠোর সমালোচনা তিনি। সেই সঙ্গে নির্যাতিত মুসলমানদের রক্ষায় মুসলিম বিশ্ব কেন এগিয়ে আসছে না, সে জন্য হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন ওজিল।

ওজিলের এই মন্তব্য ব্যক্তিগত, ক্লাবের নয় বলে জানিয়ে বিবৃতি দিয়েছে আর্সেনাল। কিন্তু এসবে মন গলেনি চীনের। ক্লাবটির খেলা সম্প্রচার বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে তারা।