বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন পাথরঘাটা থানা সংগ্রাম পরিষদের আহ্বায়ক মজিবুল হককে রাজাকার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে পাথরঘাটার মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দুপুর পর্যন্ত উপজেলা শহরের সংবাদ সম্মেলন, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টার দিকে পাথরঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রকাশিত তালিকায় মজিবুল হককে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ ও নিন্দা জানান।
বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে রাসেল স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে প্রবীণ মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।
মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, পাথরঘাটার পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, সাবেক পৌর মেয়র মল্লিক মোহাম্মদ আইউব, কালমেঘা ইউপির চেয়ারম্যান আকন মোহাম্মদ শহীদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা প্রকাশিত রাজাকারের তালিকা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্র করেই তালিকা বিতর্কিত করছে। যার ফলে মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম উঠে এসেছে রাজাকারের তালিকায়। অনতি বিলম্বে এই তালিকা প্রত্যাহার করার দাবি জানান তারা।