বিজয় দিবস হকির ফাইনালে নৌ বাহিনী-সোনালী ব্যাংক

বিজয় দিবস হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌ বাহিনী ও সোনালী ব্যাংক।

মঙ্গলবার লিগ পর্বের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন সমীকরণের মুখে পড়ে তিন দল- নৌ বাহিনী, সেনা বাহিনী ও সোনালী ব্যাংক।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৭-০ গোলে উড়িয়ে দেয়া সোনালী ব্যাংক ১২ পয়েন্ট নিয়ে লিগ পর্বের খেলা শেষ করে।

অন্যদিকে ফাইনালে পা রাখতে অপর ম্যাচে নৌবাহিনীর বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সেনা বাহিনীর। কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুইবার লিড নিয়েও নৌবাহিনীর সাথে ২-২ গোলে ড্র করে সেনা বাহিনী।

ফলে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সেনা বাহিনীকে বিদায় নিতে হয়। আর সমান ম্যাচে সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে লিগ পর্বের শীর্ষ দল হিসেবে ফাইনালে পা রাখে নৌ বাহিনী।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ নৌ বাহিনী ও সোনালী ব্যাংক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।