পাটগ্রামে বিজয় দিবসের অনুষ্ঠানে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ ও বাধা দেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী এবং এক মেম্বারকে মারধর করেছে বখাটেরা। গত সোমবারের এ ঘটনায় গতকাল সকালে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বাসিন্দা সাকিব হোসেন বাবুকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার বুড়িমারী হাসর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানের বিরতির সময় কয়েকজন ছাত্রীকে বাবু, তানজিদ লিমনসহ আরও কয়েকজন পথরোধ করে অশ্লীল কথাবার্তা বলে ও অঙ্গভঙ্গি দেখায়। এমনকি তাদের মোবাইল নম্বরও দিতে বলে। তখন একজনকে আটক করে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাওয়ার সময় অনুষ্ঠানস্থলের চেয়ার দিয়ে অন্যরা তাদের বেধড়ক মারধর করে। এ ঘটনায় ওই রাতেই পাটগ্রাম থানায় মামলা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক সবিদ আলী বলেন, ‘মঞ্চে থাকা অবস্থায় দেখছি দুই-তিনটি ছেলে বুড়িমারী ইউনিয়ন পরিষদের মেম্বার নুর ইসলামকে মারছে। এর প্রতিবাদ করায় তারা উত্তেজিত হয়ে মঞ্চের দিকে চেয়ার ছুড়ে মারে। এতে আমারও মাথায় আঘাত লেগেছে।’ ইউপি চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, ‘বখাটেরা একজন জনপ্রতিনিধিকে অমানুষিকভাবে মেরেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্র্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিলে আমরা নেব।’ পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।