কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন এলাকায় দুই ঘণ্টার ব্যবধানে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে ছিনতাইয়ের এ ঘটনাগুলো ঘটে। ছিনতাইকারীরা সুজন (২০) ও সাইফুল (১৮) নামে দুই ব্যক্তির কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং শামীম (২২) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করে।
পরে রাতে রেলওয়ে পুলিশ মিঠুন (১৯), সঞ্জু (২০) ও পায়েল (১৯) নামে তিন ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠালে বিচারক তাদের জেল-হাজতে পাঠিয়েছেন বলে জানান ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস।
ছিনতাইয়ের শিকার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সুজন মিয়া জানান, রাত ৭টার দিকে স্টেশনে যাওয়ার পথে স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাকে আটক করলে তিনি সঙ্গে থাকা ৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন তুলে দিয়ে রক্ষা পান।
রাত ৮টার দিকে স্টেশন এলাকায় অস্ত্রের মুখে সাইফুল ইসলাম (১৭) নামের এক শিক্ষার্থীর কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। সাড়ে ৯টার দিকে স্টেশনের পূর্বপাশে শামীম আহমেদ (২০) নামের ভৈরবপুর এলাকার এক যুবকের কাছ থেকে ছিনতাই করতে চাইলে তিনি বাঁধা দেন। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজনসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিন ছিনতাইকারীকে আটক করে।
ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক সুরুজ্জামান বলেন, ‘শামীম নামে এক যুবককে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্রসহ তাদের আটক করতে সক্ষম হই।’