ফেব্রুয়ারিতে ৩৫ বছরে পা দিতে যাচ্ছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবার ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার ক্যারিয়ারের বাকি সময়টা জুভেন্টাসেই কাটিয়ে দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তার তার এজেন্ট।
রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার ২০১৮ সালের জুলাইয়ে চার বছরের চুক্তিতে জুভেন্টাসে নাম লেখান। ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ২০২২ সালে শেষ হবে তার চুক্তি। তখন পর্তুগিজ এই ফরোয়ার্ডের বয়স দাঁড়াবে ৩৭। তাই তুরিনের ক্লাবটিতেই রোনালদো তার ক্যারিয়ারের বাকি সময়টা কাটিয়ে দিতে পারেন বলে বিশ্বাস তার এজেন্ট হোর্হে মেন্ডেস।
“জুভেন্টাসে সে সুখে আছে। ক্লাবটিতে অসাধারণ একজন কোচ রয়েছেন। হ্যাঁ, সে জুভেন্টাসেই তার ক্যারিয়ার শেষ করতে পারে। এখানে সে একটি চুক্তি করেছে।”
গত দুই বছর ব্যালন ডি’অরে পুরস্কারের দৌড়ে তেমন ভালো অবস্থানে ছিলেন না রোনালদো। এই ব্যর্থতা আগামী বছর পুরস্কারটি জিততে পর্তুগিজ এই ফুটবলার কঠোর পরিশ্রম করবে বিশ্বাস মেন্দেসের, “গত দুই বছরে অন্তত একবার পুরস্কারটি তার প্রাপ্য ছিল। এটা অবিচার। পরবর্তী মৌসুমে এটা জেতার জন্য কঠোর পরিশ্রম করবে ক্রিস্টিয়ানো।”