ভৈরবে বৈদেশিক মুদ্রাসহ পাচারকারী আটক

কিশোরগঞ্জের ভৈরবে সাড়ে ২৭ লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ আব্দুল খালেক (২৮) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের নাভানা সিএনজি পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউজ্জামান জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে ব্যাগ হাতে এক ব্যক্তি সিলেট থেকে আসা একটি যাত্রীবাহী বাস থেকে নেমে ঢাকাগামী অন্য আরেকটি বাসের জন্য অপেক্ষায় ছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ইংলান্ডের ৬ হাজার পাউন্ড, যা বাংলাদেশি টাকায় সাড়ে ২৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটক আব্দুল খালেক চাঁদপুর জেলার মতলব উপজেলার ঘোড়াদারি গ্রামের আব্দুল হাসিম মিয়ার ছেলে। তিনি এ পর্যন্ত ৩ বার অবৈধভাবে বৈদেশিক মুদ্রা ঢাকায় পাচার করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলেও জানান তিনি।

ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন জানান, এসআই মতিউজ্জামান বাসস্ট্যান্ডস্থ নাভানা সিএনজি পাম্পের সামনে থেকে তাকে আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে ভৈরব থানায় মানি লন্ডারিং আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।