বিজেপির হাতে ভারতের ভবিষ্যৎ: কৌশলে জানালেন সৌরভকন্যা

ভারতের নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভের সময় ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে পোস্ট দিয়ে ভাইরাল হলেন দেশটির সাবেক ক্রিকেট তারকা ও ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অষ্টাদশী সানা ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে নীরবে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

নিজে কোনো মন্তব্য না করে সানা বিখ্যাত লেখক ও সাংবাদিক খুশবন্ত সিংয়ের বই দ্য অ্যান্ড অব ইন্ডিয়ার নির্বাচিত কিছু অংশ তুলে ধরেন। সাম্প্রতিক ভারতের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে যা খুবই প্রাসঙ্গিক।

খুশবন্তের লেখাটি হচ্ছে, ‘যারা ভাবছেন আমরা মুসলিম ও খ্রিস্টান নই, তাই চিন্তার কোনো কারণ নেই, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আজ বামপন্থী ইতিহাসবিদ ও পশ্চিমা সংস্কৃতি পছন্দ করা তরুণদের টার্গেট করছে সংঘ। আগামীকাল ওদের নজর পড়বে স্কার্ট পরা, আমিষ খাওয়া, মদ্য পান করা, বিদেশি সিনেমা দেখা, বার্ষিক তীর্থযাত্রা না করা মানুষদের ওপর। দেখা হলে জয় শ্রীরাম না বললেও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে। কেউই নিরাপদ নয়।’

সৌরভসহ দেশের অধিকাংশ ক্রীড়াব্যক্তিত্ব যেখানে এনআরসি বা নাগরিকত্ব আইন ইস্যুতে মুখ বন্ধ রেখেছেন, সেখানে সানার এমন কাজ নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছে।

এদিকে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের নৃশংস হামলার প্রতিবাদ জানিয়েছেন সাবেক ক্রিকেট তারকা ইরফান পাঠান। টুইটারে তিনি লিখেন, ‘আজীবন রাজনৈতিক দোষারোপের পালা চলতেই থাকবে। কিন্তু আমি এবং আমার দেশ চিন্তিত জামিয়া মিলিয়ার পড়ুয়াদের নিয়ে।’