সোনারগাঁয়ে নারী জামদানি কারিগরকে ধর্ষণ

সোনারগাঁয়ে নারী জামদানি শাড়ির কারিগরকে (৩৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায়  শাহীন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে ওই নারী সোনারগাঁ থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ওই নারী একজন জামদানি শাড়ির কারিগর। তার স্বামী পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় জামদানি শাড়ির কারিগর হিসেবে কাজ করেন। তিনি দুই কন্যাসন্তান ও শাশুড়িকে নিয়ে ইউনিয়নের ভারগাঁও চৌধুরীপাড়া এলাকায় বাস করেন।

গত ১২ ডিসেম্বর রাতে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওঁৎপেতে থাকা শাহীন তার মুখ চেপে ধরে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শাহীন পালিয়ে যায়।

বিষয়টি পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে তারা ব্যর্থ হন। পরে তিনি বুধবার সকালে সোনারগাঁ থানায় এসে একটি ধর্ষণের মামলা করেন।