বিপাকে অক্ষয়, নাগরিকত্ব আইন নিয়ে সরব স্ত্রী টুইঙ্কেল

ভারতজুড়ে নাগরিকত্ব বিলবিরোধী বিক্ষোভে সরব বলিউড তারকারাও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজপথের বিক্ষোভকে টুইটারের মাধ্যমে সমর্থন দিয়েছেন তারা।

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন মহেশ ভাট, অনুরাগ কাশ্যপ, মনোজ বাজপেয়ি, রাজকুমার রাও, রিতেশ দেশমুখ, অনুভব সিনহা, পরিনীতি চোপড়া, তাপসী পান্নু, কঙ্কণা সেনশর্মা, সুধীর মিশ্র, দিয়া মির্জা, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, রিচা চাড্ডা, রেভাথি, সিদ্ধার্থ, স্বরা ভাস্কর, সায়ানী গুপ্তা, হুমা কোরেশির মতো একের পর এক অভিনেতা, অভিনেত্রী, পরিচালক।

তবে এর মধ্যে সমালোচনার জন্ম দিয়েছেন অক্ষয় কুমার। নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ বলিউড তারকা জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের ব্যঙ্গ করা টুইটার পোস্টে লাইকে দিয়ে বিতর্কে জড়ান। এর জন্য তিনি ভুলও স্বীকার করেন।

অক্ষয়ের দাবি, ইন্টারনেটে বিভিন্ন জিনিস সার্চ করার সময় ভুল করে ওই পোস্টে লাইক করে বসেন তিনি। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় অক্ষয়কে মেরুদণ্ডহীন বলে আক্রমণ করেন অনেকে।

তবে জামিয়া মিলিয়ার ঘটনার তিনদিন পর টুইট করেছেন অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘যেভাবে হিংসাত্মকভাবে আমাদের ছাত্রছাত্রীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে সেটা খানিকটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে হামাগুড়ি দিয়ে চলার মতো।’

তিনি আরও বলেন, ‘আমি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ভারতের পক্ষে, যেখানে শান্তিপূর্ণভাবে থাকাই আমাদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে।’