ইসলামী বিশ^বিদ্যালয়ে বাংলা বিভাগের আয়োজনে গতকাল বুধবার ‘আবুল মনসুর আহমদের সাহিত্যে সমাজের ধর্মান্ধতা ও শ্রেণিচরিত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘তরুণরা ফেইসবুকে যে সময় ব্যয় করে, সেই সময় বই পড়ায় দিতে হবে। বই পড়ার আনন্দ ফেইসবুক থেকে পাওয়া যায় না। আমি নিজেও ফেইসবুক ব্যবহার করি না।’
বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। প্রধান আলোচক ছিলেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম ও বিশেষ আলোচক ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ এবং দ্য ডেইল স্টারের সাংবাদিক ও সাহিত্যিক ইমরান মাহফুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক তপন কুমার রায়।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছিলেন আবুল মনসুর আহমদ। তার সাহিত্যকর্ম ছিল সমাজ ও রাষ্ট্রের জন্য। তিনি সমাজের মধ্যে ধর্মের নামে যারা ব্যবসা করে সাহিত্যের মধ্য দিয়ে তাদের মুখোশ উন্মোচন করেছেন।’