ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সিলেটে আয়োজিত মানববন্ধনে ফের হামলা চালানো হয়েছে। এতে ছাত্র অধিকার পরিষদের পাঁচ-ছয়জন কর্মী আহত হন।
বুধবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা মানববন্ধন পণ্ড করে ‘জয় বাংলা, এই সিলেটের মাটি, ছাত্রলীগের ঘাঁটি’ ইত্যাদি স্লোগান দিয়ে চলে যান।
ছাত্র অধিকার পরিষদের সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব জানান, ডাকসু ভিপির ওপর হামলার প্রতিবাদে সিলেট শহীদ মিনারের সামনে মানববন্ধন আয়োজন করি। এ জন্য ব্যানার ও মাইক নিয়ে পরিষদের নেতাকর্মীরা সেখানে জড়ো হন। আকস্মিক ছাত্রলীগের ১৫-২০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে ছাত্র অধিকার পরিষদের পাঁচ-ছয়জন কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত আমিনুল হক রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীরা মাইক ভাঙচুর করেছে বলেও জানান নাজমুস সাকিব।
এ ব্যাপারে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল বাছিত রুম্মান বলেন, ‘এই ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই। আমি শুনেছি, তাদের নিজেদের মধ্যে ঝামেলা থেকেই ঘটনাটি ঘটেছে।’
সিলেট কতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ‘কয়েকজন ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। ওই সময় আরো কয়েকজন এসে তাদের সরিয়ে দেয়। হামলার কোন ঘটনা ঘটেনি। সামান্য হট্টগোল হয়েছে শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।’