আসাদগেটে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজধানীর আসাদগেটে বাসের ধাক্কায় আশরাফ উদ্দিন দেওয়ান (৬৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আশরাফ উদ্দিনের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার খালপাড় গ্রামে। থাকতেন কল্যাণপুরের ৫ নম্বর রোডের ১৫/এ নম্বর বাসায়। তিনি মুন্সিগঞ্জ সদরে একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। বর্তমানে সুচনা ডেভেলপার নামে একটি কোম্পানিতে চাকরি করতেন।

নিহতের ভাগিনা সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে বাসা থেকে ফার্মগেট অফিসে যাচ্ছিলেন আশরাফ। তখন আসাদগেটে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়।

খবর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টায় মৃত ঘোষণা করেন।

শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, আসাদগেট কেয়ার হাসপাতালের বিপরীত পাশের সামনের রাস্তা হেঁটে পার হচ্ছিলেন। এ সময় গাবতলীর দিক থেকে আসা প্রজাপতি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ বাসটি জব্দ করেছে। তবে ততক্ষণে এর চালক পালিয়ে গেছে।