মা হিন্দু, বাবা খ্রিষ্টান, যিনি দত্তক নেন তিনি মুসলিম- আমি কি ভারতীয়?: দিয়া মির্জা

ভারতে সদ্য পাস হওয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে উত্তাল পুরো ভারত। সিএএ-এর প্রতিবাদে আন্দোলন তীব্রতর আকার নিয়েছে। মিটিং, মিছিল, বিক্ষোভ অব্যাহত আছে। এদিকে আইনটির বিরুদ্ধে এবার মুখ খুললেন বলিউড তারকারাও। আসামে পাপন ও জুবিন গর্গ থেকে শুরু করে মুম্বাইয়ের ফারহান আখতার ও পরিচালক মহেশ ভাট’সহ অনেকেই রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন এই আইনের বিরুদ্ধে। আবার কেউ কেউ রাস্তায় না নামলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিবাদ জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জাও।

গতকাল টুইটারে টুইট করে প্রতিবাদ করে দিয়া মির্জা বলেন, ‘আমার মা হিন্দু, জন্মদাতা বাবা খ্রিষ্টান, দত্তক যিনি নিয়েছিলেন তিনি মুসলিম। সরকারিভাবে আমার নামে যে কাগজপত্র আছে আমার ধর্মের জায়গাটা ফাঁকা রয়েছে। তাহলে আপনারাই বলুন একজন ভারতীয় হতে কী ধর্ম লাগে? কোনো দিনও ধর্ম দিয়ে কিছু বোঝা যায় না।’  যদিও দিয়া মির্জা এই টুইটের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল্ড-এর শিকার হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম মারফত জানা যায়, ভারতীয় সংসদের উভয় কক্ষে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর ভারতের রাষ্ট্রপতি এই বিলকে সই করে আইনে পরিণত করেছেন। তারপর থেকে দেশটির নানা প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মুম্বাই, কেরালা, দিল্লি, বেঙ্গালুরু। রাস্তায় নেমে মানুষ প্রতিবাদ জানিয়েছেন সিএএ-এর বিরুদ্ধে।

গত রবিবার দিল্লির জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে ছাত্র-ছাত্রীদের। যার জন্য গোটা দেশ তথা বিশ্বজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিবাদ জানিয়েছেন। এই বিষয় নিয়েও পুলিশের ভূমিকার দিকে আঙুল তুলেছিলেন দিয়া মির্জা।