ক্লাব বিশ্বকাপ

শিরোপা থেকে একটু দূরে লিভারপুল

কঠিন প্রতিদ্বন্দ্বিতা জিতে ক্লাব বিশ্বকাপ ফাইনালে পা রেখেছে লিভারপুল। উত্তর আমেরিকান চ্যাম্পিয়ন মেক্সিকান ক্লাব মনতেরের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। ইউরোপ চ্যাম্পিয়নদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে মনতেরে। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত লিভারপুলের সঙ্গে ১-১ সমতা রেখেছিল তারা। কিন্তু ইনজুরি সময়ে গোল হজম করায় কপাল পুড়ে দলটির।

মাত্র ১১ মিনিটেই নেবি কেইতার গোলে এগিয়ে যায় অলরেডরা। মনে হচ্ছিল সহজ জয় পেতে যাচ্ছে লিভারপুল। মাত্র ৩ মিনিট পর মনতেরের আর্জেন্টিনা তারকা ফুনেস মরির গোলে ভুল ভাঙে লিভারপুলের। পুরো ম্যাচে আর গোল করতে পারেনি তারা। ম্যাচ যখন অমীমাংসিতভাবেই শেষ হওয়ার পথে তখন গোল করে লিভারপুল সমর্থকদের মুখে হাসি ফোটান রবার্তো ফিরমিনো। ইনজুরি সময়ের প্রথম মিনিটে হজম করা ওই গোলে মনতেরের অঘটনের স্বপ্ন শেষ হয়। আগামীকাল ২১ ডিসেম্বর সৌদি আরবের আল হিলালের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নামবে মনতেরে। একই দিন ফাইনালে লড়বে ফ্ল্যামেঙ্গো ও লিভারপুল। ক্লাব বিশ্বকাপে প্রথমবার শিরোপার সুবাস পেলেও তা কঠিন হতে পারে অলরেডদের জন্য। ইন্টারনেট।

 এই আসরে চারবার ফাইনালে উঠে একবারও ট্রফি ঘরে আনতে পারেনি তারা। সবচেয়ে শঙ্কার বিষয় তিনবারই তারা লাতিন আমেরিকান প্রতিপক্ষের কাছে হেরেছে। এবারও তাদের সামনে এক লাতিন প্রতিদ্বন্দ্বী। ফাইনালের প্রতিপক্ষ ফ্ল্যামেঙ্গোর কাছে আগেও হতাশ হওয়ার নজির আছে লিভারপুলের। ১৯৮১ সালে ফ্ল্যামেঙ্গো হারিয়ে দেয় তাদের। এছাড়া প্রথমবার ১৯৭৮-এ ফাইনালে উঠলেও লিভারপুল ও প্রতিপক্ষ বোকা জুনিয়র্স নিজেদের বিপক্ষে খেলতে চায়নি। তাই ম্যাচ বাতিল হয়। ১৯৮৪-তে আর্জেন্টিনার ইন্দিপেন্দিয়েন্তের কাছে আর ২০০৫ সালে সাও পাওলোর কাছে হেরে ক্লাব বিশ্বকাপ জয়ের সুযোগ হারায় লিভারপুল।