অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়ার আহ্বান

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি এক বিবৃতিতে খালেদা জিয়ার সুচিকিৎসা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে অন্তরীণ ৭৪ বছর বয়সী

 বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তারা। ইতিমধ্যে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন তিনি। কারাগারে যাওয়ার পর থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং কর্তৃপক্ষ তাকে এ কারণে ১ এপ্রিল হাসপাতালে নিয়েছিল। তাকে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিবৃতিতে জাতিসংঘের নিয়মানুযায়ী খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।