বছরের শেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। তাতে শীর্ষ দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন আসেনি। টানা দ্বিতীয়বারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করেছে বেলজিয়াম।
ইউরোপের দেশটির র্যাঙ্কিং পয়েন্ট ১৭৬৫। দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স (১৭৩৩) ও ব্রাজিল (১৭১২)। চতুর্থ ও পঞ্চমস্থানে আছে ইংল্যান্ড ও উরুগুয়ে। শীর্ষ দশের বাকি পাঁচ দেশ যথাক্রমে ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা ও কলম্বিয়া।
বছরের শেষ র্যাঙ্কিংয়ে ঈর্ষণীয় উন্নতি ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের। এএফসি এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়ের এশিয়ান অঞ্চলে শুরুটা দারুণ করেছে তারা। গত বছরের তুলনায় ১৩৮ পয়েন্ট অর্জন করে ৩৮ ধাপ উন্নতি নিয়ে ৫৫তম স্থানে থেকে বছর শেষ করছে তারা।
বছরের হিসেবে উন্নতি হয়েছে বাংলাদেশেরও। ২০১৮ সালে লাল-সবুজদের র্যাঙ্কিং ছিল ১৯২তম, এবার বছরশেষে পাঁচ ধাপ এগিয়ে ১৮৭ সালে উঠে এসেছে তারা।
এ বছর জেমি ডের অধীনে মাত্র দুটি ম্যাচ হেরেছে বাংলাদেশ, জিতেছে ৪টি ম্যাচ। সব মিলিয়ে জামাল ভূঁইয়াদের র্যাঙ্কিংয়ে উন্নতি তাই হয়তো খুব একটা বিস্ময়কর নয়। ২০১৯ সালে এটিই ফিফার শেষ র্যাঙ্কিং।
ফিফার পরের র্যাঙ্কিং প্রকাশিত হবে নতুন বছরের ২০ ফেব্রুয়ারি।