লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে এটি কার্যক্ষমতা হারিয়ে ফেলে। লিভারের এই অবস্থাটিকেই লিভার ফেইলিওর বলা হয়। ভাইরাল হেপাটাইটিসের মতো একিউট কন্ডিশন কিংবা লিভার সিরোসিসের মতো ক্রনিক ব্যাধিতে আক্রান্ত দুই ধরনের রোগীর ক্ষেত্রেই রোগীদের লিভার ফেইলিওর দেখা দিতে পারে। তবে আশার কথা হচ্ছে, স্টেম সেল থেরাপি বাংলাদেশের লিভার ফেইলিওর রোগীদের জন্য ভবিষ্যতের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি। ইতিমধ্যেই দেশে হেমাটোলজি, হেপাটোলজি (লিভার) ও কার্ডিও ভাসকুলারের ক্ষেত্রে স্টেমসেল থেরাপি ব্যবহার করা হচ্ছে। এই চিকিৎসাব্যবস্থা নিয়ে আরও গবেষণা করছেন চিকিৎসকরা।
হেপাটোলজি ও হেমাটোলজির পাশাপাশি ত্বকের ঘা, স্পাইনাল কর্ডে ইনজুরি, ডায়াবেটিস, হার্টের অকার্যকারিতা, চোখের রোগের ড়্গেত্রে স্টেমসেল থেরাপি ব্যবহার করা হয়। দেশে এ মুহূর্তে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট, ভাসকুলার সার্জারি এবং লিভারে স্টেমসেল ব্যবহার করা হচ্ছে। লিভার সিরোসিস বা লিভার ফেইলিওরের ড়্গেত্রে স্টেমসেলের ব্যবহারের ক্ষেত্রে রোগীকে একবার স্টেমসেল থেরাপি দিলেই হবে, নাকি দু-তিন মাস পরপর বা ছয় মাস পরপর দিতে হবে, নাকি যত দিন বেঁচে থাকবে তত দিন থেরাপি দিতে হবে– এ বিষয়গুলো নিয়ে গবেষকদের যথেষ্ট কাজ করছেন।
লিভার ডিজিজের ক্ষেত্রে দেশে এ পর্যন্ত ৭০ রোগীর ক্ষেত্রে স্টেমসেল থেরাপি দেওয়া হয়েছে।
স্টেমসেল লিভার ট্রান্সপ্ল্যান্টের বিকল্প না। তবে লিভার ট্রান্সপ্ল্যান্টকে বিলম্বিত করবে। বাংলাদেশে এখনো ট্রান্সপ্ল্যান্ট তেমনভাবে শুরু হয়নি। এটি শুরু হলেও সবাই রাতারাতি লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে পারবে বিষয়টি তেমন নয়। কারণ, এ ক্ষেত্রে ডোনার পাওয়া ও খরচের ব্যাপার রয়েছে।
স্টেমসেল থেরাপি কী?
স্টেমসেল শরীরের খুবই গুরুত্বপূর্ণ সেল বা কোষ, যা শরীরের কোনো নির্দিষ্ট অঙ্গ যেমন– রক্ত, চোখ, ব্রেন, লিভার, কিডনি, হাড় এবং অন্যান্য অঙ্গের কোষ তৈরিতে সহায়তা করে। অন্যদিকে শরীরের যখন কোনো নির্দিষ্ট অঙ্গের সেল বা কোষ ক্ষতিগ্রস্ত হয়, স্টেমসেল তখন সেই অঙ্গের ক্ষতিপূরণে সহায়তা করে। স্টেমসেল এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যেখানে শরীরের স্টেমসেলের পরিমাণ বৃদ্ধি করে অথবা বাইরে থেকে স্টেমসেল প্রবেশ করিয়ে ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত অঙ্গের কার্যক্ষমতা বৃদ্ধি বা পুনরুদ্ধার করে।
লিভার ফেইলিওর চিকিৎসায়
লিভার ফেইলিওর চিকিৎসায় লিভার ট্রান্সপ্ল্যান্ট খুবই জটিল এবং ব্যয়বহুল। সাধারণত ট্রান্সপ্ল্যান্ট করতে হলে লিভারটি অনেক ড়্গেত্রে নিকট আত্মীয়দের মধ্যে একজন ডোনারের প্রয়োজন হয়, যা সব সময় সম্ভব নয়। তাই বাংলাদেশে এখন আশার আলো স্টেমসেল থেরাপি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে লিভার ফেইলিওর রোগীদের প্রথমবারের মতো ক্যাথল্যাবে এনজিওগ্রামের স্টেমসেল থেরাপি করা হচ্ছে। স্টেমসেলগুলো আক্রান্ত অর্গান অর্থাৎ লিভারের যত কাছাকাছি বা সরাসরি প্রয়োগ করা যাবে, তত সাফল্যের সম্ভাবনা থাকবে। আশা করা হচ্ছে, বাংলাদেশে অচিরেই লিভার রোগীরা এ চিকিৎসা থেকে সুস্থ হয়ে ভালো জীবনযাপন করবে।