দক্ষিণ আফ্রিকায় লরিচাপায় দুই সহোদরসহ ফেনীর তিন যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে নর্দানক্যাপ প্রভিন্সের ফোপাডা থেকে বাসায় ফেরার পথে লরিটি তাদের বহনকারী প্রাইভেটকারটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–ফেনীর দাগনভূঞার পূর্ব জয়নারায়ণপুর গ্রামের কামাল পাশার ছেলে কামরুল হাসান রায়হান (৩০) ও আশরাফুল হাসান রবি (২৭) এবং সোনাগাজী উপজেলার জামশেদুর রহমান (৩৫)।
রায়হান ও রবির বড়ভাই আশরাফুল ইসলাম নয়ন জানান, দক্ষিণ আফ্রিকায় তারা তিন ভাই মিলে ব্যবসা করতেন। একটি প্রাইভেটকারে বাসায় ফেরার পথে লরিটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইসহ তিনজন মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আ ন ম কাশেদুল হক জানান, রায়হান, রবি ও নয়ন দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে। তাদের বাবা অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য। পরিবারের পক্ষ থেকে লাশ নিয়ে আসার ব্যাপারে কোনো পদক্ষেপ নিলে সহযোগিতা করা হবে।