‘আত্মহত্যায় বাধা দেওয়ায়’ পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে।

এ ঘটনায় পুত্রবধূ সোহেনা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।

নিহত সইফুদ্দিন (৬০) উপজেলার রাজানগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজানগর গ্রামের সইফুদ্দিনের ছোট ছেলে শফিকুনের স্ত্রী সোহেনা বেগম ও তার বড় ভাইয়ের বউয়ের প্রায়ই ঝগড়া হতো।

শুক্রবার রাতেও সইফুদ্দিনের দুই পুত্রবধূর মধ্যে ঝগড়া হয়। এরই জেরে শনিবার ভোরে সোহেনা বেগম বাড়ির পাশে গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে চাইলে শ্বশুর বাধা দেন।

এ সময় শ্বশুর ও পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি নিয়ে এক পর‌্যায়ে সোহেনা বেগম লাঠি দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই সইফুদ্দিনের মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুত্রবধূ সোহেনা বেগমকে আটক করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম জানান, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় তার পুত্রবধূকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।