জয়ের সন্ধানে থাকা সিলেটের রানের পাহাড়

চলতি বিপিএলে চার ম্যাচের একটিতেও জয় না পাওয়া সিলেট থান্ডার পঞ্চম ম্যাচে জ্বলে উঠল। টুর্নামেন্টে প্রথম জয়ের সন্ধানে থাকা দলটি আন্ড্রে ফ্লেচার ও জনসন চার্লসের ব্যাটিং ঝড়ে খুলনা টাইগার্সের বিপক্ষে রানের পাহাড় দাঁড় করিয়েছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম ম্যাচে নির্ধারিত কুড়ি ওভার শেষে ৫ উইকেটে ২৩২ রান করে টসে হারা সিলেট। চলতি আসরে এটা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২৩৮ রান করে এই তালিকায় শীর্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সিলেটের পাহাড়সম সংগ্রহে অবদান ওপেনার ফ্লেচারের। চলতি টুর্নামেন্টে প্রথম শতক হাঁকানো এই ক্যারিবীয় ব্যাটসম্যান শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত থাকেন। ৫৭ বলের ঝোড়ো ইনিংসে রয়েছে ১১টি চার ও পাঁচটি ছক্কার মার!

অসাধারণ ব্যাটিং করেছেন ফ্লেচারের স্বদেশি তিন নম্বরে ব্যাটিংয়ে নামা জনসন চার্লসও। শহিদুল ইসলামের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পা দেওয়ার আগে ৩৮ বলে ১১ চার ও পাঁচ ছক্কায় ৯০ রান করেন তিনি।

ফ্লেচার ও চালর্সের ব্যাটিং ঝড়ে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১৫০ রান। অসাধারণ এই জুটিতেই জয় পাওয়ার মতো বিশাল সংগ্রহ পায় সিলেট। অন্যদের মধ্যে অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও নাজমুল হোসেন মিলন ১১ রান করে করেন।

খুলনার বোলারদের মধ্যে দুটি উইকেট নেন দক্ষিণ আফ্রিকান পেসার রবি ফ্রাইলিংক। একটি করে উইকেট নেন শফিউল ইসলাম, শহিদুল ইসলাম ও রবিউল হক।

আসরে দারুণভাবে এগিয়ে যাচ্ছে খুলনা। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতেই হারেনি তারা। ছয় পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে। সবশেষ ম্যাচে এই ভেন্যুতেই রংপুর র‍্যাঞ্জার্সকে ৮ উইকেটে হারায় তারা।

ভিন্ন চিত্র সিলেট শিবিরে। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি তারা। সাত দলের মধ্যে তাদের অবস্থান ষষ্ঠ। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।