মার্কিন সফরে গিয়ে কংগ্রেসের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক না করে বিতর্কে জড়িয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে ব্যাপারে শুক্রবার ব্যাখ্যা দিয়েছে তার মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘কোনও বিষয়ে ব্যক্তিগত মতামত রয়েছে এমন রাজনীতিবিদের সঙ্গে কোনো স্বাধীন দেশের মন্ত্রীকে বৈঠকে বসতে বাধ্য করা যায় না।’
এ সপ্তাহের শুরুতে আমেরিকা সফরে গিয়েছিলেন জয়শঙ্কর। সেখানে মার্কিন কংগ্রেসের বিদেশ বিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তার। কিন্তু সেই বৈঠকে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য প্রমীলা জয়পাল থাকবেন জেনে আপত্তি জানান তিনি। জয়শঙ্কর কংগ্রেসের বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর এলিয়ট এঞ্জেলকে জানান, প্রমীলা বৈঠকে থাকলে তিনি সেই বৈঠকে যাবেন না। কিন্তু এলিয়ট বৈঠক থেকে প্রমীলাকে বাইরে রাখতে রাজি হননি। তারপর ওই বৈঠকে আর যাননি তিনি।
জম্মু-কাশ্মীরে নরেন্দ্র মোদি সরকারের কয়েকটি পদক্ষেপের সমালোচনা করে কয়েক দিন আগে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব আনেন প্রমীলা। যে প্রস্তাবে মোদি সরকারকে জম্মু-কাশ্মীরে অবিলম্বে ইন্টারনেট সেবা চালু করতে বলা হয়।
ভারত বলছে, ‘মন্ত্রীর বৈঠকে বসার কথা ছিল মার্কিন কংগ্রেসের বিদেশ বিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে। প্রমীলা ওই কমিটিতে নেই। ভারত সম্পর্কে তার মতামতও সবাই জানেন। তাই তার সঙ্গে বৈঠকে বসতে রাজি হননি পররাষ্ট্রমন্ত্রী।’