মার্কিন ডলারের বিকল্প হিসেবে মুসলিম দেশগুলোর অভিন্ন বা স্থানীয় মুদ্রা ব্যবহারে ইরানের প্রস্তাবে একমত হয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার কুয়ালালামপুর শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি প্রস্তাবটি দেওয়ার পর সাংবাদিকদের সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মাহাথির।
ইরানের বার্তা সংস্থা ইরনা জানায়, কুয়ালালামপুর শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক ক্ষেত্রে মুসলিম দেশগুলোর অভিন্ন ডিজিটাল বাজার গঠনের প্রস্তাব দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এই প্রস্তাবের জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বলেন, ‘আমরা প্রথমবারের মতো মার্কিন ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রা ব্যবহারের বিষয়ে ইরান ও তুরস্কের প্রস্তাব শুনেছি। এ ক্ষেত্রে আমরা অভিন্ন বা নিজস্ব মুদ্রা ব্যবহার করতে পারি। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা যখন এই মুদ্রা ব্যবহার করি তখন মনে হয়, এটা (নিষেধাজ্ঞা) আমাদের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।’
তিনি আরও বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞার শিকার দেশগুলো ডলার ব্যবহার করলে নিজেদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমরা এ ক্ষেত্রে নিজস্ব মুদ্রা বা অভিন্ন মুদ্রা ব্যবহার করতে পারি।’
বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানীতে ‘কুয়ালালামপুর শীর্ষ সম্মেলন-২০১৯’ শুরু হয়েছে। চার দিনের এ সম্মেলনে ইরান, তুরস্ক ও কাতারের শীর্ষ নেতৃবৃন্দসহ মুসলিম বিশ্বের নেতারা যোগ দেন।