জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা চলতি বছরের মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে। হাইব্রিড গাড়িসহ অন্যান্য যানবাহনের জোরালো চাহিদার কারণে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি চলতি বছরে ৩ দশমিক ৫৭ ট্রিলিয়ন ইয়েন (২২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার) নিট মুনাফার পূর্বাভাস দিয়েছে। খবর বাসস।
বিক্রির দিক থেকে বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার (৫ নভেম্বর) জানিয়েছে, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং ভূমিকম্প ও বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার প্রভাব তারা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। এ জন্য উৎপাদন কেন্দ্রগুলোতে পুনরুদ্ধার কার্যক্রম জোরদার করা এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থার কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে এসব প্রতিকূলতা কাটিয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। ফলে তারা মোট যানবাহন বিক্রির ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছে।