উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে টপ জিন্স নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভের একপর্যায়ে বেলা ১১টার দিকে আবদুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।

সাড়ে চার ঘণ্টা পর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। এ সময় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে পথচারীরা।

পরে মালিকপক্ষের সঙ্গে উত্তরখান থানায় বৈঠকে বসে শ্রমিকেরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সাড়ে তিনটা থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তারা কোনো ধরনের ভাঙচুর করেনি। আমরা মালিক ও শ্রমিক উভয় পক্ষকে নিয়ে থানায় বসেছি। কীভাবে সমাধান করা যায় তার প্রাথমিক আলোচনা চলছে।’   

ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল জানান, বেতন নিয়ে সৃষ্ট এ সমস্যা সমাধানে বিজিএমইএ প্রতিনিধি, মালিকপক্ষ, শ্রমিক ও পুলিশ মিলে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

তিনি বলেন, মালিকপক্ষ কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারা যদি কারখানা বন্ধ করতে চায় তাহলে আইন অনুযায়ী শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সমস্যা সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।

শফিক, জামান ও সিরাজসহ কয়েকজন শ্রমিক জানিয়েছেন, টপ জিন্স গার্মেন্টস স্টাফদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া প্রায় আড়াই হাজার শ্রমিকের গত মাসের বেতন এখনো দেয়নি। এর মধ্যে মালিক পক্ষ গার্মেন্টসটি বন্ধের চেষ্টা করায় তারা আন্দোলনে নেমেছেন।

শ্রমিকদের অভিযোগের বিষয়ে জানতে টপ জিন্স গার্মেন্টস এর চেয়ারম্যান কবিতা বসুর ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

আন্দোলনের বিষয়ে জানতে চাইলে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এবং উত্তরা এলাকার সভাপতি জয়নাল আবেদিন বলেন, শ্রমিকদের বেতন ভাতা বকেয়া রেখে টপ জিন্স গার্মেন্টসটি বন্ধের চেষ্টা করায় শ্রমিকেরা আন্দোলনে নেমেছে। গার্মেন্টসটি বন্ধ করলেও সব ধরনের পাওনা পরিশোধ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি মালিকপক্ষ এক কোটি টাকা দিয়ে পাওনা মেটাতে চাইছে। কিন্তু এই টাকা দিয়ে শুধু বেতন দেওয়া সম্ভব। অন্যান্য ক্ষতিপূরণ হবে না।