বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

জামালপুরের বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। গত শুক্রবার রাত ৯টার দিকে ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার এই বিয়ে বন্ধ করে দেন।

ইউএনও জানান, মেয়েটির সঙ্গে মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুজন মিয়ার (১৯) বিয়ে ঠিক হয়। শুক্রবার রাতে মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন সম্পন্ন হয়। খবর পেয়ে তিনি বকশীগঞ্জ থানা পুলিশ ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গিয়ে তাৎক্ষণিক বাল্যবিয়েটি বন্ধ করে দেন। বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের বাবা চানতারা মিয়াকে পাঁচ হাজার টাকা ও ছেলের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ইউএনও।