চলতি বছর একের পর এক বাজিমাত করলেন শক্তি কাপুরকন্যা শ্রদ্ধা কাপুর। এ বছর তার অভিনীত মধ্য বাজেটের সিনেমা ‘ছিছোরে’ একশ’ কোটির ক্লাবে নাম লিখিয়েছে। পেয়েছে দর্শক-সমালোচকের অনেক প্রশংসা। আর বাহুবলীখ্যাত প্রভাসের সঙ্গে ‘সাহো’ সিনেমাটি ৪শ’ কোটি রুপিরও বেশি আয় করে বক্স অফিসে রেকর্ড গড়েছে। যদিও সেভাবে সিনেমাটি প্রশংসিত হয়নি। এছাড়া ২০২০ সালে টাইগার শ্রফের বিপরীতে ‘বাঘি থ্রি’ নিয়ে হাজির হবেন এই অভিনেত্রী। এবার এলো নতুন খবর। প্রথমবার বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর! তাদের দুজনকে এক করেছেন নির্মাতা লাভ রঞ্জন। সম্প্রতি নাম ঠিক না হওয়া সিনেমাটিতে তারা দুজনই চুক্তিবদ্ধ হয়েছেন। লাভ রঞ্জনের অফিশিয়াল টুইটার পেজে জানানো হয়, রণবীর-শ্রদ্ধার সিনেমাটি ২০২১ সালের ১৬ মার্চ মুক্তি পাবে। এটির পরিচালক ও প্রযোজক লাভ রঞ্জন। তার সঙ্গে সহ-প্রযোজক হয়েছেন অঙ্কুর গার্গ। রিটুইট করে শ্রদ্ধাও বিষয়টি নিশ্চিত করে লেখেন, সিনেমাটি নিয়ে আমি খুব রোমাঞ্চিত।
খবরটি দর্শকের একই সঙ্গে আনন্দের এবং অবাক করার মতো। কারণ বলিউডে শ্রদ্ধাকে সবচেয়ে বেশি তুলনা করা হয় আলিয়া ভাটের সঙ্গে। দুই নায়িকার সম্পর্ক খুব একটা ভালো তা অনেকেই জানেন। যদিও এতদিন শ্রদ্ধা আলিয়ার থেকে বেশ পিছিয়ে ছিলেন। কিন্তু এ বছর তিনি খানিকটা এগিয়ে। অবাক করার মতো বিষয় হলো, প্রতিদ্বন্দ্বী আলিয়ার প্রেমিক রণবীর কাপুরের সঙ্গেই এবার জুটি বাঁধতে চলেছেন এই সুন্দরী।
রণবীর কাপুর বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শ্যুটিং করছেন প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গেই। তবে ২০১৯ সালে রণবীরের কোনো সিনেমা মুক্তি পায়নি।
এদিকে শ্রদ্ধা কাপুর মুক্তি প্রতীক্ষিত ‘স্ট্রিট ড্যান্সার’ সিনেমার প্রচারণায় ব্যস্ত আছেন। এতে তার বিপরীতে রয়েছেন বারুণ ধাওয়ান। ‘এর ট্রেইলার মুক্তি পেয়েছে গত বুধবার। এই ছবিতে বারুণের বিপরীতে প্রথমে জুটি বাঁধার কথা ছিল ক্যাটরিনা কাইফের। শ্রদ্ধা কাপুরের কাছে প্রথমে প্রস্তাব না যাওয়ায় নাকি তিনি খুবই বিমর্ষ ছিলেন। ট্রেইলার লঞ্চে বারুণ বললেন, ‘তখনো ক্যাটরিনা করবে বলেই ঠিক ছিল। সেই সময়ে শ্রদ্ধা বলেছিল, তোমরা আমাকে এই ছবির জন্য ভাবলে না?’ ছবির টিমের মতে, প্রথমে চিত্রনাট্য অন্য রকম থাকায় শ্রদ্ধার কথা ভাবা হয়নি। ক্যাটরিনা ‘না’ করার পরে শ্রদ্ধার এন্ট্রি হয় ছবিতে। রেমো ডি’সুজার ডান্স ফিল্মে বারুণ-শ্রদ্ধা কাজ করেছেন আগেই। তাদের জুটিও হিট। আরও একবার সুযোগ পেয়ে খুশি শ্রদ্ধা। নোরা ফতেহিও রয়েছেন ছবিতে।