সিমেন্টের কাঁচামাল আমদানি

আগাম কর কমে ৩ শতাংশ

সিমেন্ট শিল্পে কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম আয়কর কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে। গত বৃহস্পতিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বর্তমানে সিমেন্টের কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর বা এআইটি দিতে হয়, যা সমন্বয়যোগ্য নয়। এটি কমিয়ে এখন ৩ শতাংশ নির্ধারণ করেছে এনবিআর। প্রজ্ঞাপনে এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত চাওয়া হয়েছে। আর এজন্য ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময় কোনো পরামর্শ বা আপত্তি থাকলে এনবিআর তা বিবেচনায় নিয়ে প্রজ্ঞাপনটি সংশোধন করবে। তা না হলে এটি প্রজ্ঞাপন জারির দিন থেকে কার্যকর বলে গণ্য হবে। সিমেন্ট শিল্পের কাঁচামাল আমদানিতে বেশ কয়েক বছর ধরেই ৫ শতাংশ এআইটি প্রযোজ্য ছিল। তবে ওই কর কোম্পানির বার্ষিক করের সঙ্গে সমন্বয়েরও সুযোগ ছিল। কিন্তু চলতি অর্থবছরের বাজেটে বিদ্যমান করটিকে অসমন্বয়যোগ্য বা চূড়ান্ত হিসেবে ঘোষণা করা হয়। অন্যদিকে গত কয়েক মাস ধরে দেশের বাজারে নির্মাণ উপকরণের চাহিদা কমে গেছে।