সিনেমাপ্রেমীদের জন্য খবরটা আনন্দেরই। কারণ শীতের আমেজের সঙ্গেই ঢাকা মাতবে চলচ্চিত্র উৎসবে। আগামী ১১ জানুয়ারি পর্দা উঠবে অষ্টাদশ ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২০’। ৯ দিনব্যাপী উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। গতকাল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়েছে। ইতিমধ্যে উৎসবের তোড়জোড় শুরু হয়ে গেছে। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, ‘উৎসবে দেখানো হবে এমন চলচ্চিত্রগুলোর বিষয়ে সেন্সর বোর্ডের অনুমোদনও নেওয়া হয়েছে। চলছে উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলাদেশ প্যানারোমা ছাড়াও ৭টি বিভাগে এ বছর মোট ৭০টির বেশি দেশ থেকে অন্তত ২০০টির মতো চলচ্চিত্র দেখানো হবে এই আসরে। ওয়েস্ট মিটস ইস্ট, উইমেন কনফারেন্সের মতো বিভিন্ন বিভাগে থাকছে চলচ্চিত্র নিয়ে মতবিনিময়ের সুযোগ।’ ১৭ বছর ধরে রেইনবো চলচ্চিত্র সংসদ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। রেইনবো চলচ্চিত্র সংসদ থেকে জানানো হয়, এরই মধ্যে উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭২টি দেশের মোট ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ বছর রাজধানীর ছয়টি ভেন্যুতে দেশ-বিদেশের ছবি দেখার সুযোগ পাবেন সিনেমাপ্রেমীরা। ভেন্যুগুলো হলো অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা,
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি অডিটরিয়াম, মধুমিতা সিনেমা হল, জাতীয় জাদুঘর অডিটরিয়াম ও স্টার সিনেপ্লেক্স। এবারের চলচ্চিত্র উৎসবের মূল প্রতিপাদ্য ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। ১৯ জানুয়ারি প্রদর্শনী শেষ হবে। এর আয়োজক রেইনবো চলচ্চিত্র সংসদ। উৎসব চলাকালে ৭২টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি, আয়োজক প্রতিষ্ঠান রেইনবো চলচ্চিত্র সংসদ ও অন্যান্য চলচ্চিত্র সংসদের সদস্যসহ দেশের বিশিষ্ট সাংস্কৃ তিক ব্যক্তিত্ব দর্শকদের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। প্রতিবারের মতো এবারও উৎসবে ১২ ও ১৩ জানুয়ারি রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘উইমেন্স ফিল্ম মেকারস কনফারেন্স’। এতে আন্তর্জাতিক নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বরা অংশ নেবেন। আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়, সারা বিশ্বেই নারীদের অবস্থানের পরিবর্তন ঘটছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও নারীদের সব ক্ষেত্রে উন্নয়ন ঘটছে। এসব বিষয়ে তথ্যাবলি উৎসবে উপস্থাপিত হবে। এ উদ্দেশ্যে এবারের উৎসবে পঞ্চমবারের মতো নারী চলচ্চিত্র নির্মাতারা অংশ নিচ্ছেন। আসন্ন এই চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে মোট ১১টি চলচ্চিত্র। আর এর মধ্যে তিনটি চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্মের। তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়া’, নাসির উদ্দীন ইউসুফের ‘আলফা’ ও ১১ তরুণ নির্মাতার পরিচালনায় বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’ থাকছে এ তালিকায়। তিনটি চলচ্চিত্রই ২০১৯ সালে ছিল আলোচনায়। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও প্রংশসিত হয়েছে সিনেমাগুলো। এমনকি চলতি বছরে অস্কারের ‘ইন্টারনেশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত করা হয়েছিল ‘আলফা’ চলচ্চিত্রটিকে। এ বিভাগে আরও স্থান পেয়েছে আশরাফ শিশিরের ‘আমরা একটা সিনেমা বানাব’, অরুণ চৌধুরীর ‘মায়াবতী’, প্রদীপ ঘোষের ‘শাটল ট্রেন’, রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, ফরিদ আহমেদের ‘টিউনস অব নস্টালজিয়া’, প্রসূন রহমানের ‘নগ্রহকাল’, তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ ও মাসুদ পথিকের ‘মায়া : দ্য লস্ট মাদার’।