বলিউডের সব বড় তারকাকে পেছনে ফেলে ফোর্বস ইন্ডিয়ার সেরা সেলিব্রিটির তালিকার শীর্ষে অবস্থান নিয়েছেন বিরাট কোহলি। এই প্রথম ভারতের কোনো কোনো ক্রীড়াবিদ এই তালিকায় শীর্ষে উঠে এলেন।
অতীতে সেরা দশে এ জায়গা পেলেও বলিউড অভিনেতা-অভিনেত্রীদের টপকে শীর্ষে আসতে পারেননি এমএস ধোনি ও শচীন টেন্ডুলকার। এবার কোহলি এক ধাক্কায় ছিটকে দিলেন বলিউডের বড় বড় তারকাদের।
১ অক্টোবর ২০১৮ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত বিরাট কোহলি আয় করেছেন ২৫২ কোটি ৭২ লাখ রুপি। মোটা অঙ্কের এই উপার্জন, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবই ফোর্বস ইন্ডিয়ার তালিকায় শীর্ষে পৌঁছে দিল টিম ইন্ডিয়ার অধিনায়ককে।
ফোর্বসের তথ্য অনুযায়ী বিরাট কোহলির পর দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। তার আয় ২৯৩ কোটি ২৫ রুপি। বিরাট কোহলির থেকে বেশি রোজগার হওয়া সত্বেও কেন দ্বিতীয় স্থানে কুমার? এর জবাব দিয়েছে ফোর্বস।
তাতে বলা হয়েছে, সেলিব্রিটি র্যাঙ্ক তৈরি হয় তার রোজগারের পাশাপাশি তাদের প্রিন্ট ও সোশ্যাল মিডিয়া সার্চ দিয়েও। অর্থের নিরিখে যারা এগিয়ে আছেন তাতের থেকে কোনো কোনো সেলিব্রিটি চাহিদার দিক থেকে অনেক উচ্চতায় থাকেন। কারও টাকা থাকলেও চাহিদা তেমন থাকে না।
তিন নম্বরে রয়েছেন সালমান খান। ২০১৬ সাল থেকেই থেকেই সেরা তিনে নিজেকে ধরে রেখেছেন তিনি।
কোহলি আয়ের ক্ষেত্রও উল্লেখ করেছে ফোর্বস ইন্ডিয়া। তার রোজগার ম্যাচ ফি, বিসিসিআই’র সঙ্গে সেন্ট্রাল কন্ট্রাক্ট, ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও ইনস্টাগ্রামের পোস্ট থেকে।