গরম কাপড়ের খোঁজে রাজধানীবাসী, বাড়তি দাম হাঁকাচ্ছে দোকানিরা

রাজধানীতে হঠাৎ করেই জেঁকে বসেছে শীত। কুয়াশা আর ঠান্ডা হিমেল বাতাসে সর্বত্র জবুথবু অবস্থা। টানা তিন দিন শৈত্যপ্রবাহ গেলেও রাজধানীতে কমেনি শীতের তীব্রতা। অপ্রস্তুত রাজধানীবাসী তাই শীতকে বরণ করতে গরম কাপড়ের সন্ধানে ছুটছেন দোকানে। ফুটপাত থেকে শুরু করে মার্কেটসমূহে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর এ সুযোগে বাড়তি দাম হাঁকাচ্ছেন দোকানিরা।

রবিবার ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে শীতের তীব্রতা থেকে বাঁচতে রাস্তা-ফুটপাথ থেকে শুরু করে বিপণিবিতানগুলোতে গরম কাপড়ের বিকিকিনিতে ব্যস্ত থাকতে দেখা যায় ক্রেতা-বিক্রেতাকে।

নিউমার্কেট নীলক্ষেত মোড় থেকে শুরু করে মিরপুর রোড হয়ে সায়েন্সল্যাবের মোড় পুরো ফুটপাত হকারদের দখলে। বাদ পড়েনি ফুটওভার ব্রিজ গুলোও। অন্য দিকে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচের সবগুলো স্থানে দোকান সাজিয়েছে হকারেরা। সব জায়গাতেই মিলছে কম্বল, জ্যাকেট, সোয়েটার, মাফলার, কার্ডিগান, শাল চাদর, হাতমোজা, কান টুপিসহ বিভিন্ন ধরনের গরম কাপড়।

কথা হয় নিউমার্কেটে শীতের পোশাক কিনতে আসা ফেরদৌসী খানম নামে এক ক্রেতার সঙ্গে। তিনি পরিবার নিয়ে এসেছেন। জানালেন, বাচ্চার জন্য গরম কাপড় কিনব। বৃদ্ধ মায়ের জন্য হাতমোজা, পা মোজা। তার অভিযোগ বেশি দাম হাঁকাচ্ছে দোকানিরা।

রাজধানীর চন্দ্রিমা ও গাউছিয়া মার্কেট ঘুরে দেখা যায়, ক্রেতার সমাগমে সরগরম। চলছে বেচাবিক্রি। খুশি বিক্রেতারা। এ সময় কথা হয় আব্দুল কাদের নামে এক দোকানির সাথে। তিনি জানান, বেচা বিক্রি সন্তোষ জনক। মানুষ মার্কেটে আসছে এবং কিনছেন।

বিক্রি বেড়েছে জুতার দোকানেও। অন্য সময়ের তুলনায় কাপড়ের জুতা, এবং কেডস বেশি বিক্রি হয় বলে জানান এক দোকানি।  এ ছাড়া ব্র্যান্ডের দোকানগুলোতেও দেখা যায় ব্যাপক বেচা-বিক্রি। সায়েন্সল্যাব মোড়ে দেখা যায়, শীতবস্ত্রের বাহারি আয়োজন। সেখানে কথা হয় তাসনুবা তাবাসসুমের সাথে। এসেছেন নিজের এবং ছোট ছেলের জন্য গরম জামা কিনতে। তিনি জানান, হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় নতুন পোশাক কিনতে হচ্ছে।  তার অভিযোগ, চাহিদা থাকায় দাম বাড়িয়েছে দোকানিরা। না কিনে উপায় নেই।