সিরাজগঞ্জের ৯ উপজেলায় গত তিনদিন ধরে সূর্যের দেখা নেই। ফলে হার কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে মাঠে খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। তারা এই তীব্র শীতে তারা মাঠে কাজ করতে পারছে না। ফলে তাদের আয় উপার্জন বন্ধ হয়ে গেছে। এদিকে গরম কাপড়ের অভাবে শিশুরা চরম কষ্ট পোহাচ্ছে।
তারা খড়কুটো সংগ্রহ করে আগুনজ্বেলে শীত নিবারণের চেষ্টা করছে। এক টুকরো গরম কাপড়ের জন্য প্রতিদিন অভাবী নারী ও শিশুরা জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ কার্যালয়ে এসে ভিড় করছে।
এ বিষয়ে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাড়াকান্দি গ্রামের আব্দুল্লাহ আল মারুফ, বেলকুচি উপজেলার উত্তর বানিয়াগাতি গ্রামের আল হেলাল, শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের সোহাগ হাসান জানান, জেলার ৯ উপজেলায় দেড় লাখ হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ শীতবস্ত্রের অভাবে এই হার কাঁপানো শীতে কষ্ট করছে। এদের অনেকের ভাগ্যেই জোটেনি সরকারি শীত বস্ত্র। এ ছাড়া কোন ব্যক্তি বা সংস্থাও এখনো এগিয়ে আসেনি। ফলে অভাবী মানুষের কষ্ট ক্রমেই বেড়ে চলেছে।
এ বিষয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা আব্দুর রহিম জানান, গত কয়েক দিনের তীব্র শীতে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ৫৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে শাহজাদপুরে ৮ হাজার, উল্লাপাড়ায় সাড়ে ৮ হাজার ও অন্যান্য উপজেলায় ২ হাজার করে কম্বল বিতরণ করা হয়েছে। আরও চাওয়া হয়েছে। হাতে পেলে বিতরণ করা হবে।