বসুন্ধরাকে নিয়ে শেষ আটে চট্টগ্রাম আবাহনী

ফেডারেশন কাপ ফুটবলে ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে হেরেছিল ব্রাদার্স ইউনিয়ন। রবিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষেও হেরে গেছে গোপীবাগের দলটি। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে ব্রাদার্সের।

অন্যদিকে এই জয়ে এক ম্যাচ হাতে থাকতেই শেষ আট নিশ্চিত হয়েছে চট্টগ্রাম আবাহনী। একই সঙ্গে বসুন্ধরা কিংসও ওঠে গেছে কোয়ার্টারের লড়াইয়ে। শুক্রবার বসুন্ধরা ও চট্টগ্রাম আবাহনীর লড়াইটি এখন তাই গ্রুপ সেরা হওয়ার।

এদিন দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধের ৩৪ মিনিটে নিক্সন গোল করে এগিয়ে দেন চট্টগ্রাম আবাহনীকে। ম্যাচের শেষ দিকে চিনেডু ম্যাথিউ ব্যবধান দ্বিগুণ করেন।

বসুন্ধরা কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ০-১ গোলে হেরেছিল ব্রাদার্স।

এদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যকার দিনের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। রহমতগঞ্জের পক্ষে গোল করেছিলেন ইউনূসা কামারা। শেখ জামালের পক্ষে সমতা আনেন মানডে ওসাগি।

এই ড্রয়ের ফলে ‘সি’ গ্রুপ থেকে শেষ আটের লড়াইটা জমে উঠল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল রহমতগঞ্জ। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে কোয়ার্টারের আশা টিকে থাকল তাদের।

শুক্রবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যেকার ম্যাচ। দুই দলেরই ১ পয়েন্ট করে। ফলে এ ম্যাচে যে জিতবে কোয়ার্টারে তাদের সঙ্গী হবে রহমতগঞ্জ।