পল্লী বিদ্যুতের তারে হুমকিতে বনের বানরের জীবন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বনের ভেতর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে সেখানে বাসরত বানরদের জীবন হুমকির মুখে পড়েছে। সংযোগের ৭ দিনেই ইতিমধ্যে বিদ্যুতায়িত হয়ে একটি বানরের মৃত্যুসহ ১০ টির মতো বানর আহত হয়েছে।

উপজেলার সন্তোষপুর বনাঞ্চলে বিশেষ করে বনবিট অফিসে পল্লী বিদ্যুৎ সংযোগ দেয়ার পর থেকে সেখানকার বানররা বিদ্যুতায়িত হচ্ছে। এ বনে প্রায় সাড়ে ৩ শতাধিক বানর রয়েছে।

ফুলবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, গত ১৫ ডিসেম্বর সন্তোষপুর বনাঞ্চলের আশপাশে ও বনবিটে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। সংযোগের আগে কভার ছাড়া তার দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রবিবার কথা বলে জানা যায়, বানরগুলো বিদ্যুতের খুঁটি বেয়ে ওপরে উঠে তারে ঝুলে খেলার সময় বিদ্যুতায়িত হচ্ছে। বানরেরা দল বেঁধে চলাচল করায় একটি বানর আহত হলে অন্যরা সেখানে হুমড়ি খেয়ে পড়ে।

সন্তোষপুর বনবিট কর্মকর্তা আশরাফুল আলম জানান, বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করার পর বানরগুলো বিদ্যুতায়িত হয়ে আহত হচ্ছে। আমরা ইতিমধ্যে বন এলাকায় বিশেষ করে যে স্থানে বানরগুলোর বিচরণ ক্ষেত্র সেসব স্থানে কভার তার লাগানোর জন্য পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেছি। অতি দ্রুত কভার তার দেয়া জরুরি হয়ে পড়েছে।

ফুলবাড়িয়া পল্লী বিদ্যুতের ডিজিএম অণিকা বর্মণ বলেন, লাইনটি ডিজাইন করার সময় বনবিভাগ আমাদের বললে ওই সময়ই আমরা কভার তার দিয়ে দিতে পারতাম। আমাদের কনসালট্যান্টরা সন্তোষপুর বনে যাবে রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।