আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ৫০ শতাংশের সামান্য বেশি ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বিক্ষোভ ও কারচুপির অভিযোগে গত ২৮ সেপ্টেম্বরে হওয়া নির্বাচনের ফলাফল ঘোষণায় এতটা দেরি করা হয়েছে।
নির্বাচনে ঘানির অন্যতম প্রতিদ্বন্দ্বী ডা. আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ৩৯ দশমিক ৫২ শতাংশ ভোট। যদিও নির্বাচনী ফল প্রত্যাখ্যান করে আদালতে এর বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে ঘানি পেয়েছেন ৫০ দশমিক ৬৪ শতাংশ ভোট।
গতকাল রবিবার এক বিবৃতিতে ডা. আবদুল্লাহ বলেন, ‘আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই, আমাদের দল এই ফল গ্রহণ করবে না। কারচুপির মাধ্যমে ভোটের ফল পরিবর্তন করে আমাদের বৈধ দাবিকে ক্ষুণ্ন করা হয়েছে।’ গতকাল আইইসির প্রধান হাওয়া আলম নুরিস্তানি কাবুলে এক সংবাদ সম্মেলনে জানান, ইলেকশন কমপ্লেইনস কমিশনের পর্যালোচনার পরই ভোটের এই প্রাথমিক ফল চ‚ড়ান্ত হবে। চ‚ড়ান্ত ফলে ভোটের এ হার বদলেও যেতে পারে। নিয়ম অনুযায়ী, কমিশনের পর্যালোচনায় ঘানির ভোট ৫০ শতাংশের কম হলে এবং কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট অর্জন করতে না পারলে প্রেসিডেন্ট বেছে নিতে দ্বিতীয় দফা ভোট করতে হবে।