প্রবাসে নারী শ্রমিকদের নির্যাতনের বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠক চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। তারা বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি যৌথ সভা করতে চায়।
গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলোচনার পর ত্রিপক্ষীয় বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ সচিবালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যৌথ বৈঠক করে প্রবাসী নারী গৃহকর্মী নির্যাতন থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, ‘সৌদি আরবে কিছু নারী শ্রমিক নির্যাতনের শিকার হলেও অধিকাংশ ভালো অবস্থানে আছেন। এমনকি তারা নিজেদের আত্মীয়স্বজনদের সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।’
কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান বলেন, ‘বিদেশে কর্মরত নারী শ্রমিকদের পাশাপাশি পুরুষ শ্রমিকও নির্যাতনের শিকার। তবে এই নির্যাতনের হার ২ থেকে ৩ শতাংশের বেশি নয়। অবশ্য সংখ্যায় যাই হোক না কেন কমিটির প্রবাসী শ্রমিকদের নির্যাতনের তথ্য পেলে সংশ্লিষ্ট গৃহকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেন।’