রাজনীতিতে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত ভারতের ভোপাল রাজ্যের বিজেপি নেত্রী ও সংসদ সদস্য প্রজ্ঞা সিং ঠাকুর এবার বিমানে উঠে কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়িয়ে বিতর্কের জন্ম দিলেন।
এই সময় জানায়, বিমানের আসন পছন্দ না হওয়ায় বিমান সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা-কাটাকাটি। এর জেরেই কমপক্ষে ৪৫ মিনিট দেরিতে ছাড়তে হয় স্পাইসজেট-এর দিল্লি-ভোপাল বিমান।
জানা গেছে, পছন্দের আসনের জন্য অতিরিক্ত খরচ করেছিলেন সাধ্বী প্রজ্ঞা। বিমানের প্রথম আসনটি (IA)-ই পছন্দ ছিল তার। তবে ইমারজেন্সির কারণে ওই আসন যাত্রীদের ছাড়তে রাজি হয়নি নিরাপত্তা সংস্থা। এ জন্য আসন ছেড়ে দিতে অনুরোধ করা হয় প্রজ্ঞা ঠাকুরকে।
আসন ছাড়তে নারাজ প্রজ্ঞা ঠাকুরের সঙ্গে প্রায় ৪৫ মিনিট তর্কাতর্কি হয় কর্তৃপক্ষের। অবশ্য শেষমেশ দ্বিতীয় সারিতে বসতে হয় প্রজ্ঞা ঠাকুরকে। তবে দেরিতে বিমান ছাড়ায় যাত্রীদের হয়রানি হয়।
এমন ঘটনার জন্য বিমান সংস্থাকে দায়ী করেছেন সাংসদ ঘনিষ্ঠ নেত্রী উপমা সিং।
তার অভিযোগ, অতিরিক্ত খরচ করা হলেও নির্দিষ্ট আসন ব্যবহার করতে দেয়নি বিমান সংস্থা।
এমনকি প্রজ্ঞা সিং হুইলচেয়ারে ছিলেন জানানো সত্ত্বেও বিশেষ ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ।
তবে স্পাইসজেটের পক্ষ থেকে বলা হয়েছে, প্রজ্ঞা ঠাকুর নিজস্ব হুইলচেয়ার এনেছিলেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে এয়ারলাইনসকে আগাম কিছু জানানো হয়নি।