সোনারগাঁয়ে দুর্বৃত্তদের আগুনে ভস্মীভূত যুবলীগ নেতার গাড়ি

সোনারগাঁয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক যুবলীগ নেতার পাজেরো গাড়ি ভস্মীভূত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার গভীর রাতে জামপুর ইউনিয়নের তিলাব এলাকায় ওই যুবলীগ নেতার বাড়ির বাইরে এ ঘটনা ঘটে।

গাড়িটির মালিক আল আমিন সোনারগাঁ উপজেলা যুবলীগের সদস্য ও বাছাব তিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।

গাড়ির মালিক আল আমিন বলেন, রবিবার রাতে প্রতিদিনের মতো বাড়িতে ফিরে পাজেরো গাড়িটি বাড়ির বাইরে পার্কিং করে ঘরে এসে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। প্রায় রাত দেড়টার দিকে আগুনের পোড়া গন্ধ ও শব্দ শুনে বাইরে গিয়ে গিয়ে দেখতে পাই কে বা কারা আমার গাড়িতে আগুন দিয়েছে। আশপাশের লোকজনের সহায়তায়  আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরো গাড়িটি আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

এদিকে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( খ অঞ্চল) মো. খোরশেদ আলম ও সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গাড়ির মালিক আল আমিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।